
গোপনে নগ্ন ছবি তুলে মিস টিন ইউএসএ ক্যাসিডি উলফকেও ব্ল্যাকমেইল করেছিল আব্রাহাম। ছবি: বিবিসি
হ্যালোটুডে ডেস্ক : ওয়েব ক্যাম হ্যাক করে নগ্ন ছবি তুলে নারীদের ব্ল্যাকমেইল করার অপরাধে যুক্তরাষ্ট্রে জেয়ার্ড জেমস আব্রাহাম নামের এক কিশোরকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ২০১৩ সালে কিশোরীদের সুন্দরী প্রতিযোগিতার পুরস্কারজয়ী মিস টিন ইউএসএ ক্যাসিডি উলফকেও ব্ল্যাকমেইল করেছিল আব্রাহাম। দুই বছর ধরে ১৫০টি অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করেছিল সে। যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এবং আরও কয়েকটি দেশের ২৪ জনেরও বেশি নারী তার হ্যাকিংয়ের শিকার হয়। এই অপরাধের জন্য আব্রাহামকে ২০১৩ সালে গ্রেপ্তার করা হয়। ওই বছরের নভেম্বর মাসে সে দোষী সাব্যস্ত হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, পরিচিত নারীদেরকেই শিকার হিসেবে বেছে নিত আব্রাহাম। আব্রাহাম তাঁদের ফেসবুক পেজ ও ওয়েবক্যাম হ্যাক করত। নারীরা যখন নগ্ন অবস্থায় থাকতেন, তখন তাঁদের ছবি তুলে রাখত সে। পরে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আব্রাহাম নারীদের ব্ল্যাকমেইল করত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিবৃতিতে আরও জানিয়েছে, এ ধরনের ঝামেলা এড়াতে নিজের ব্যক্তিগত তথ্য ও ছবি যাতে ফাঁস হয়ে না যায়, এজন্য জটিল পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। সেইসঙ্গে ব্যবহূত প্রযুক্তির নিরাপত্তার ব্যাপারে সাবধান হওয়া উচিত। এ ছাড়া ব্যবহার না করলে ওয়েব ক্যাম ঢেকে রাখা উচিত।

একটি মন্তব্য পোস্ট করুন