GuidePedia

0
ঢাকা:  স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত লাখো কণ্ঠে জাতীয় সংগীত আয়োজনের সঙ্গে সুর মেলান দেশের সকল শ্রেণী পেশার মানুষের সাথে রেলের সকল যাত্রীরাও। বুধবার বেলা ১১টা থেকে ১১টা ২৩ মিনিটে জাতীয় সংগীত শেষ হওয়া পর্যন্ত দেশের সকল ট্রেন বন্ধ ছিল।

বাংলাদেশ রেলওয়ের সকল প্রকার ট্রেন বেলা ১১টা বাজার আগেই থেমে যায়। এরপর প্যারেড গ্রাউন্ডে ১১টা ২০ মিনিটে জাতীয় সঙ্গীত শুরুর সঙ্গে সঙ্গে যাত্রীরা সুর মেলান। জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যাত্রীদের আগে থেকেই বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

সশস্ত্র বাহিনীর সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বেলা ১১টা ২০ মিনিটে প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে সুর ওঠে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...।’

শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গার্মেন্টস শ্রমিক, পরিবহন সংশ্লিষ্টসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।প্যারেড গ্রাউন্ডে এসে জাতীয় সঙ্গীতের সঙ্গে দাঁড়িয়ে সুর মেলান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যসহ সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

জাতীয় সংগীত শুরুর আগে আগে সোয়া ১১টায় ডিজিটাল কাউন্টিং মেশিনে প্যারেড গ্রাউন্ডে উপস্থিতির সংখ্যা দেখানো হয় ২ লাখ ৫৪ হাজার ৬৮১ জন। তবে সব মিলিয়ে বেলা ১১টার মধ্যে ৩ লাখ পূর্ণ হয় বলে নিশ্চিত করা হয় আয়োজকদের পক্ষ থেকে।

প্যারেড গ্রাউন্ডে জাতীয় সংগীত গেয়েছেন তিন লাখ বাংলাদেশি, বাইরে ছিলেন আরো কয়েক লাখ আর দেশ-বিশ্বজুড়ে কোটি কোটি। লাখো কণ্ঠের জায়গায় জাতীয় সংগীত তাই ধ্বনিত হয়েছে কোটি কণ্ঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top