বেশি বেশি বসে থাকেন? তাই পেটে মেদ জমছে বলে সমস্যায় আছেন। খেয়াল করে দেখবেন তার চেয়েও বড় সমস্যা আপনার নিতম্বেও মেদ জমেছে! সারাদিন বসে থাকার কারণেই আপনার নিতম্বের আকারে এ ধরনের পরিবর্তন হতে পারে। ইসরায়েলের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন।
যাঁরা অলসভাবে সারাদিন বসে থাকেন কিংবা যাঁরা সারাদিন বসে বসে কাজ করেন তাঁদের দুশ্চিন্তা কেবল শুধু পেটের মেদ নিয়েই নয়, নিতম্বের মেদও তাঁদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। গবেষকেরা দাবি করেছেন, বসে থাকার অবস্থাভেদে নিতম্বের চর্বি কোষগুলো ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায় এতে নিতম্বের আকার বড় ও গোলাকার দেখায়। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, কোষের সম্প্রসারণের বিষয়টি মেদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণায় পাওয়া গেছে, বসে থাকার ফলে নির্দিষ্ট চাপে চর্বির উপাদানযুক্ত হরমোন বেশি নিঃসরণ হয়।
বায়োফিজিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।
গবেষক অমিত জিফেন দাবি করেছেন, চর্বি কোষ বিশ্লেষণ করে দেখা গেছে পুষ্টি মানুষকে হালকা-পাতলা রাখার ক্ষেত্রে সামান্য ভূমিকা রাখে। সম্প্রসারিত কোষ তার পাশের কোষের আকার পরিবর্তন করে এবং সেই কোষকে বিভাজিত হতে বাধ্য করে এবং এভাবে ক্রমাগত নিতম্বে চর্বি বাড়াতে থাকে।
তাই আর বসে থাকা নয়; দ্রুত উঠে দাঁড়ান এবং নিয়মিত বিরতিতে অল্প হলেও হাঁটুন।

একটি মন্তব্য পোস্ট করুন