মাত্র এক টাকার জন্য বৃদ্ধ খুন

মোবাইলে ফ্লেক্সিলোডের পাওনা এক টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে আব্দুল বাছির (৫৬) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।সোমবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের এ ঘটনা ঘটে। আব্দুল বাছির মিয়া পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মুদি দোকানের মালিক।পুলিশ ও স্থানীয়রা বাংলানিউজকে জানায়, সকালে বাছির মিয়ার দোকানে একই গ্রামের বাদশাহ মিস্ত্রির ছেলে সোহেল (২২) মোবাইলে ফ্লেক্সিলোড করতে আসেন। সোহেল ফ্লেক্সিলোড করে এক টাকা কম দিয়ে চলে যেতে চাইলে বাসির মিয়া তাকে বাধা দেন। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় স্কুল শিক্ষক আবুল কালাম আজাদ এসে তাদের বিবাদ মিটিয়ে দেন।পরে দুপুরে এ ঘটনার জের ধরে সোহেল কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই দোকানে ভাঙচুর করেন ও আব্দুল বাছিরের মাথায় রামদা দিয়ে কোপাতে থাকেন। বাছিরের ছেলে হেদায়েত উল্লাহ (২৪) ও রহমত উল্লাহ (২২) এতে বাধা দিলে তাদেরও ছুরিকাঘাত করা হয়। এসময় ঘটনাস্থলেই আব্দুল বাছির মারা যান। এরপর হামলাকারীরা পালিয়ে যান।স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তার দুই ছেলেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে হেদায়েত উল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা পাঠানো হয়েছে।বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) জসীম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী সোহেলের চাচাত ভাই শামসু মিয়া (৪৫) ও চাচি মারুফা বেগমকে আটক করেছে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বাংলানিউজকে জানান, দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন