GuidePedia

0
খাবার প্লেট রান্নাঘরের তৈজসপত্রের অংশ। যদি আপনাকে প্রশ্ন করা হয়, একটি মাটির প্লেটের দাম কত, তবে আপনি খুব সহজেই অনুমান করতে পারবেন। কিন্তু মাটির পাত্রের দাম এক কোটি টাকারও বেশি—এ ধরনের তথ্যে আপনার মুখে কি অবিশ্বাসের ছাপ ফুটে উঠবে না? অবিশ্বাস্য হলেও আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ ইংল্যান্ডের সমারসেটে এ ধরনের ঘটনা ঘটেছে।
ভিন্ন খবর : মাটির প্লেটের দাম ৬ কোটি টাকা!
যে মহিলা এ প্লেটের মালিক, তিনি বুঝতেও পারেননি, প্লেটটির মূল্য এত হতে পারে। ১৬ ইঞ্চি ব্যাসের এ প্লেটটি মহিলা তার এক আত্মীয়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। প্লেটটি অনেক বছর ধরেই তার রান্নাঘরের দেয়ালে ঝোলানো ছিল। রান্নাঘরের দরজা খুললেই প্লেটটি চোখে পড়ত।
শুধু শখের বশেই একদিন রিচার্ড বোমেল নামের একজন প্রাচীন শিল্পকর্ম বিশেষজ্ঞকে বাড়িতে ডেকে আনলেন মহিলা। বোমেল প্লেটটি পরীক্ষা করে দেখলেন, এটি ১৫৪০ সালের একটি ইতালিয়ান নিদর্শন। তবে প্রথমে তার কাছে মনে হয়েছিল, এটি মূল নিদর্শনটির একটি নকল কপি—যা উনিশ শতকের দিকে তৈরি করা হয়েছিল। প্লেটের মালিককে তিনি জানালেন, এর দাম ১ লাখ পাউন্ড হতে পারে।
কিন্তু পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাশমোলিয়ান জাদুঘরের অধ্যাপক টিমোথি উইলসনের কাছে প্লেটটি নিয়ে গেলেন। টিমোথি পরীক্ষা-নিরীক্ষার পর পুরোপুরি নিশ্চিত হলেন যে, এটি ইতালির আর্বিনো শহরে ১৫৪০ সালের দিকে তৈরি করা হয়েছিল।
প্লেটটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই এটি নিলামে তোলা হয়। ফ্রান্স, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড এবং আমেরিকাসহ আরও অনেক দেশ থেকে আগ্রহী ক্রেতারা নিলামে অংশ নেন।
শেষ পর্যন্ত সবাইকে হারিয়ে লন্ডনের অলঙ্কার কোম্পানি এসজে ফিলিপস লিমিটেড প্লেটটি ৫ লাখ ৭০ হাজার পাউন্ডে (প্রায় ৬ কোটি ৯৮ লাখ টাকা) কিনে নেয়! আর এ মূল্যে প্লেটটির মালিকও বেশ খুশি।
কোম্পানির পরিচালক ফ্যান্সিস নর্টন বলেন, ‘প্লেটটি মোটামুটি অক্ষত অবস্থায় আছে। আমরাও এ রকম একটি জিনিস হাতছাড়া করতে চাইনি। তবে এটি দিয়ে কী করব, সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারিনি।’
তো কি আঁকা ছিল এই প্লেটটিতে, যার জন্য এটা এত উচ্চমূল্যে বিক্রি হলো?
এতে জার্মান চিত্রকর সেবাল্ড বেথামের একটি শিল্পকর্ম অনুসারে ফিস্ট অব হেরড চিত্রায়িত করা হয়েছে। এখানে দেখা যায়, রাজা ও রানীকে সেলোমি (খ্রিস্টানদের বিশ্বাসমতে মোহাবিষ্ট করার ক্ষমতাসম্পন্ন নারী) ব্যাপ্টিস্ট সেন্ট জনের কাটা মাথা উপহার দিচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top