GuidePedia

0
সালমা ব্যান্ডদল গড়ছেন ব্যান্ডদল গড়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্লোজআপ তারকা সালমা। এর পেছনের রহস্যের কারণ জানিয়ে তিনি বলেন, ‘কনসার্ট ও টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানগুলোতে প্রায়ই আমাকে অংশগ্রহণ করতে হয়। এ সময় মিউজিশিয়ানদের নিয়ে বেশ ঝামেলায় পড়ি। অনেক সময় দেখা যায়, অপরিচিত মিউজিশিয়ানরা আমার গানগুলোর সুর যথাযথভাবে তুলতে পারছেন না। তাছাড়া তারা আমার নির্দেশনাগুলোও সঠিকভাবে বুঝেন না। মাঝে মধ্যে তাদের সঙ্গে কাজের বোঝাপড়া নিয়েও সমস্যা হয়ে থাকে। নিজের ব্যান্ডদল থাকলে এ সমস্যাগুলো সহজেই কাটিয়ে উঠতে পারব। নতুন নতুন গান তৈরির ক্ষেত্রেও অনেক সুবিধে হবে। সবকিছু ভেবেই ব্যান্ডদল গড়ার সিদ্ধান্ত নিয়েছি। কয়েকজন পছন্দের মিউজিশিয়ানদের সঙ্গে এ ব্যাপারে কথা হচ্ছে। কিছুদিনের মধ্যেই হয়তো ব্যান্ড সদস্যদের নাম ঘোষণা করতে পারব।’
এদিকে, সালমা নিজের মধ্যে বেশকিছু স্বপ্ন পুষছেন। একটি স্টুডিও এবং প্রযোজনা প্রতিষ্ঠান দেয়ারও পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি একটি সঙ্গীতবিদ্যালয়ও প্রতিষ্ঠা করতে চান।
সালমার ভাষ্য, ‘আমি খুব কষ্ট করে গান শিখেছি। অভাবের তাড়নায় গানের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাও নিতে পারিনি। প্রাতিষ্ঠানিকভাবে গান শিখতে গেলে অনেক টাকার প্রয়োজন। গরিব সন্তানদের পক্ষে তা সম্ভব নয়। তাই একটি সঙ্গীতবিদ্যালয় প্রতিষ্ঠা করারও পরিকল্পনা রয়েছে। তবে এ ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বেশ সময়ের প্রয়োজন। তাই আগে ব্যান্ডদল গড়ব; পরে স্টুডিও দেব। ধীরে ধীরেই আমি আমার সব স্বপ্নপূরণ করব।’ সালমা আরো বলেন, ‘সঙ্গীতের বিষয়টি আমার রক্তে মিশে গেছে। তাই কোনোভাবেই গান ছাড়তে পারব না। আমার ভাগ্য ভালো যে, একটি সংস্কৃতিমনা পরিবারে বিয়ে হয়েছে। আমার স্বপ্নপূরণে তারা সব সময় পাশে থাকবেন বলে জানিয়েছেন।’

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top