আজ বহু প্রতীক্ষিত ১১-১২-১৩ , একটি বিশেষ তারিখ।
পৃথিবীর বহু দেশের মানুষদের মত আমাদের দেশের মানুষও অপেক্ষা করছে এই বিশেষ দিনটির মত। গত কয়েক বছর ধরেই বিশেষ তারিখ গুলো যেমন ১০-১০-১০, ১১-১১-১১, ১২-১২-১২ উদযাপন করা প্রচলিত হয়ে গিয়েছে। কিন্তু এইবারের বিশেষ দিনটির মাহাত্ম্য একটু অন্যরকম। এরকম সুন্দর সংখ্যা মেলানো তারিখ এই শতাব্দীতে আর আসবে না। অর্থাৎ আমাদের জীবন কালে এরকম বিশেষ তারিখ আর পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই এই বিশেষ তারিখটি উদযাপন করার জন্য পৃথিবীর বহু মানুষ অপেক্ষা করছেন।নানান ভাবে অনেকেই উদজাপন করছেন এই বিশেষ দিনটি। আসুন, জেনে নেই কয়েকটি।
বলে ফেলুন ভালোবাসার কথা
মনের মানুষটিকে ভালোবাসার কথা গুলো বলবো বলবো করেও বলা হয়নি? তাহলে আজ ঝেরে ফেলুন মন থেকে সকল শঙ্কা, প্রিয় মানুষটিকে জানিয়ে দিন নিজের আবেগের কথা। ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকুক এই বিশেষ দিন। আর যদি তিনি হ্যাঁ বলে দেন তো কথাই নেই, চমৎকার উদযাপন হবে। তাই না?
বিয়ে অথবা পানচিনি
পুরো পৃথিবী জুড়ে বহু মানুষ ১১-১২-১৩ কে উদযাপন করার জন্য বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। এই দিনটিকে বিয়ের তারিখ হিসেবে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যে বহু মানুষ সব প্রস্তুতিও নিয়ে ফেলেছেন। আপনিও আপনার ভালোবাসার মানুষটির সাথে সামাজিক বন্ধনে আবদ্ধ হতে পারেন এই বিশেষ দিনটিতে। আর বিয়ে করার জন্য প্রস্তুত না থাকলে একটি আংটি পড়িয়ে পান চিনি বা বাগদানের কাজটি সেরে ফেলতে পারেন। তাহলে বিশেষ দিনটি স্মরণীয় হয়ে থাকবে আজীবন।
বেড়াতে যান
১১-১২-১৩ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রিয়জন অথবা বন্ধুদেরকে নিয়ে সুন্দর কোথাও থেকে ঘুরে আসতে পারেন। কক্সবাজার সমুদ্র সৈকত, বান্দরবান কিংবা সিলেটের চা বাগানের রিসোর্টে উদযাপন করে নিতে পারেন এই বিশেষ দিনটি। দেশের এই রাজনৈতিক অবস্থায় বেশি দূরে না গিয়ে আশেপাশে কোথাও যান। যেতে পারেন কোন থিম পার্কেও।
বার-বি-কিউ পার্টি
দেশের এই অশান্ত পরিস্থিতিতে যারা বেড়াতে যেতে পারছেন না, তারা কি এই বিশেষ দিনটি উদযাপন করবেন না? অবশ্যই করবেন। ১১-১২-১৩ তারিখটিতে বন্ধুদের নিয়ে বার-বি-কিউ পার্টির আয়োজন করতে পারেন। বার-বি-কিউ পার্টির জন্য চুলা কিনতে পাওয়া যায়। কয়লাতে আগুন ধরিয়ে মাংস পোড়ানোর ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে আড্ডা ও গানে বেশ ভালোই কেটে যাবে সময় গুলো। সেই সঙ্গে কিছু ছবি তুলে স্মরণীয় করে রাখুন এই বিশেষ দিনটি।
কেক কাটুন
পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে কেক কেটে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে পারেন। এটা হলো ১১-১২-১৩ এই দিনটিকে স্মরণীয় করে রাখার সবচেয়ে সহজ উপায়। এজন্য কেকের দোকানে গিয়ে অর্ডার দিয়ে বিশেষ আকৃতির কেক বানিয়ে নিতে পারেন। অথবা সাধারণ কেক গুলোর উপরেও ক্রিম দিয়ে এই বিশেষ তারিখটি লিখে নিতে পারেন। কেক কাটার সময় ছবি তুলে স্মৃতিগুলোকে সংরক্ষণ করে রাখুন। সামান্য একটা কেক কাটাই সকলে মিলে করলে হয়ে উঠবে আনন্দের।
চমকে দিন প্রিয়জনকে
এই বিশেষ দিনটিতে আপনার প্রিয় মানুষটিকে সুন্দর কিছু উপহার দিয়ে চমকে দিতে পারেন। তবে উপহারের উপরে অবশ্যই বিশেষ তারিখটি লিখে দিন। পুরো ঘর সাজিয়েও চমকে দিতে পারেন আপনার ভালোবাসার মানুষটিকে। প্রদীপ অথবা মোমের আলোয় লিখে দিতে পারেন ১১-১২-১৩ তারিখটি।
একটি মন্তব্য পোস্ট করুন