GuidePedia

1
বিনোদন ডেস্ক: মিথ্যে কথা নয়- এই নিয়ে ব্যাপারটা দু’-দুবার হল! সবার চোখের সামনে দিয়ে বুক চিতিয়ে জেলে গেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ব্যাপারটা ঠিক কী মালুম হচ্ছে না তো? এ কি সেই বিমানবন্দরে নায়িকাকে অহেতুক হেনস্থা করার পরের জের? তা কেন হতে যাবে! ঋতু জেলে গেছেন শুধুই তাঁর ছবির সৌজন্যে। প্রথমবার নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির ‘মুক্তধারা’ ছবির জন্য। আর এবারেরটা দীনেশ পি ভোঁসলের নতুন ছবি ‘কালাপোর’-এর জন্য।
‘কালাপোর’ ছবির গল্পেও ঋতুপর্ণা জেলে যাচ্ছেন একরকম বাধ্য হয়েই। ছবির গল্প তো অন্তত তাই বলছে। এখন অপরাধীর সঙ্গে জীবন জড়িয়ে ফেললে যা হয়, ছবির গল্পে ঠিক তাই তাই হচ্ছে ঋতুর সঙ্গে। মানে? একটু ভেঙে বললে, ‘কালাপোর’ ছবির গল্পে প্রথমে জেলে যায় নায়িকা জ্যোৎস্নার স্বামী, ছবিতে চরিত্রটায় অভিনয় করছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়। তা বলে একা একা বিরহের ক্ষণ গোনার অবস্থায় পড়ে থাকে না জ্যোৎস্না; অন্তত সন্তানের মুখ চেয়ে তা করা সম্ভব হয় না। একমাত্র সন্তানকে মানুষ করতেই তখন জীবনের সবটা দিয়ে দেয় সে।

কিন্তু জ্যোৎস্না ওরফে ঋতুর জীবনে নিয়তির নির্মম পরিহাস এখানেই শেষ হয় না। অপরাধীর পুত্র যেন অপরাধীই হবে- এরকম একটা চিরাচরিত নিয়মকে নতুন করে প্রতিষ্ঠা করে একসময় জেলের জীবনে সামিল হয় সেই ছেলেও। তখন নড়েচড়ে বসে জ্যোৎস্না; অপরাধীদের মন থেকে অপরাধ মুক্ত করার ব্রত নিয়ে সেও পৌঁছে যায় কালাপোর জেলে। সেই কালাপোর জেল, যেখানে বন্দী রয়েছে তার স্বামী আর ছেলে।

তা, এইটুকু পড়ে ছবির গল্পটার সঙ্গে কি মুক্তধারার সামান্য হলেও মিল পাওয়া যাচ্ছে? স্বীকার করতে সবাই বাধ্য যে, মিল আছে। এমনকি অপরাধ দমনের জন্য এই ছবিতে যে পথ বেছে নেবে জ্যোৎস্না, সেটার সঙ্গেও মিল আছে মুক্তধারা ছবির। অর্থাৎ, ‘কালাপোর’ ছবিতেও জেলের জীবনে সংস্কৃতি আর শিল্পের নির্মল বাতাস আসবে নায়িকার হাত ধরে; সেই পথেই ধুয়ে-মুছে সাফ করার চেষ্টা করা হবে মনের যা কিছু পাপ।

অবশ্য পরিচালক কিন্তু সাফ অস্বীকার করছেন আগের ছবি থেকে টুকলির অভিযোগ! তাঁর মতে, ‘কালাপোর’ হতে চলেছে আদ্যন্ত সাসপেন্সে মোড়া একটা জমজমাট ছবি। মুক্তধারা ছবির কাহিনিসূত্রের সঙ্গে সামান্য মিল থাকলেও ‘কালাপোর’ এগোবে তার নিজের মতো করে। অপরাধী, স্ত্রীকে ছেড়ে যাওয়া স্বামীর সঙ্গে কীভাবে বোঝাপড়া করে জ্যোৎস্না, সেটাও হতে চলেছে এই ছবির অন্যতম আকর্ষণীয় অংশ। এই অংশটুকু বলাই বাহুল্য, আর যাই হোক, মুক্তধারা ছবির অনুপ্রেরণা নয়।

আর নায়িকা? তিনি কী বলছেন তাঁর এই দু’-দুবারের জেল-যাত্রা নিয়ে? ঋতুপর্ণা সেনগুপ্ত এ ব্যাপারে কিছুই খুলে বলছেন না! যাই হোক, কিছুদিনের মধ্যেই তো মুক্তি পাবে ছবিটি; তখনই না-হয় সব উত্তর পাওয়া যাবে।

নেট থেকে পাওয়া। 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top