এপ্রিলেই আকাশে উড়বে শাবিতে তৈরি ড্রোন বিমান
সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিল মাসেই সিলেটের আকাশে উড়বে বাংলাদেশে তৈরি চালকবিহীন ড্রোন বিমান। প্রধান গবেষক নাবিল জানান, স্পন্সর পেলে আরো বড় আকারে এবং আরো দ্রুত উড়ানো যেত ড্রোন বিমান।
তারা দীর্ঘদিন গবেষণা শেষে ড্রোন বিমানের নকশা তৈরি করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের (শাবি) তরুণ গবেষক দল। এখন চলছে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সংযোজনের কাজ।
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মুহম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে ড্রোন বিমান তৈরীর দলে গবেষক প্রধান হিসেবে কাজ করছেন পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সৈয়দ রেজওয়ানুল হক নাবিল। তার সাথে রয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবি কর্মকার এবং মারুফ হোসেন রাহাত।
তারা সকলেই সাস্ট রোবটিক্স অ্যারোনোটিক্স অ্যান্ড ইন্টারফেসিং রিসার্চ গ্রুপের www.facebook.com/SUSTRoboAero সদস্য।
ড্রোন বিমানের কার্যকারিতা সম্পর্কে নাবিল বলেন, ‘এই ড্রোন দিয়ে দেশের সীমানা পাহারা দেওয়া, উপর থেকে তাৎক্ষণিক ছবি তোলা সম্ভব হবে। এছাড়া আবহাওয়া সম্পর্কে তথ্য জানা যাবে। দেশের সেনা, বিমান ও নৌবাহিনী এটি ব্যবহার করে তাদের নিরাপত্তা সংক্রান্ত কাজ করতে পারবে।
তাছাড়া সাম্প্রতিক সময়ে রেলে যেভাবে নাশকতা বাড়ছে তাতে রেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিচ্ছে। ড্রোন দিয়ে রেল লাইনের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। অর্থাৎ রেল লাইনের পাহারার কাজ করবে ড্রোন।
এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনী এটা ব্যবহার করে দেশের যে কোনো স্থান পর্যবেক্ষণ করতে পারবে।’
আর ড্রোনটি সহজ পদ্ধতিতে চালনা করা যাবে বলে জানান গবেষক দলের প্রধান নাবিল।
নাবিল জানান, গত বছরের এপ্রিল থেকে তারা ড্রোন তৈরির তাত্ত্বিক কাজ শুরু করেন। এরপর চলতি বছরের শুরু থেকে শুরু হয় মূল কাজ।
উল্লেখ্য, কিছুদিন আগেই দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি নতুন ডিভাইস তৈরি করেছিলেন ড্রোন গবেষক সৈয়দ রেজওয়ানুল হক নাবিল।

একটি মন্তব্য পোস্ট করুন