পপির প্রতিবাদ

পপির প্রতিবাদদিন দিন নারী নির্যাতনের সংখ্যা বেড়েই চলছে। কোনোভাবেই তা প্রতিরোধ করা যাচ্ছে না। এবার নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন চিত্রনায়িকা পপি। তিনি বলেন, ‘নারীরা সম-অধিকারের দাবিদার। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে তারা বরাবরই নির্যাতিত-অবহে
লিত। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।’
পপি অভিনয়ের মাধ্যমেও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন। সদ্য নির্মিত ‘নোটবুক’ টেলিছবিতে তিনি স্বামী কর্তৃক নির্যাতিত একজন নারীর চরিত্রে অভিনয় করেছেন। পপি বলেন, ‘টেলিছবিটি দেখলে সবার মধ্যে সচেতনতাবোধ সৃষ্টি হবে। নারীরাও নিজেদেরকে প্রতিবাদী রূপে গড়ে তুলতে সচেষ্ট থাকবেন।’
‘নোটবুক’ টেলিছবিতে একজন নারীর ফেলে আসা জীবনের নানা কথা উঠে এসেছে। ভালোবেসে বিয়ে করলেও হঠাৎ করেই তার স্বামীর আদর্শ পাল্টে যায়। স্ত্রীকে মেরে ফেলার জন্য সন্ত্রাসী ভাড়া করেন। স্বামীর নৃশংসতা থেকে বাঁচার তাগিদে একসময় স্ত্রী তাকে ধিক্কার জানিয়ে গৃহত্যাগ করেন। বিশিষ্ট সাংবাদিক ও নাট্যনির্মাতা রেজানুর রহমানের রচনা ও পরিচালনায় সম্প্রতি এ টেলিছবির শুটিং শেষ হয়েছে। আসছে ঈদের অনুষ্ঠানমালায় এটি এটিএন বাংলায় প্রচার হবে। এ প্রসঙ্গে পরিচালক রেজানুর রহমান বলেন, ‘পরিবার হলো সুখের জায়গা। কিন্তু অজান্তে কিছু ভুলের কারণে আমরা সুখের জায়গাটুকু অসুস্থ করে তুলি। প্রিয়জনদের ছেড়ে বিপথে পা বাড়াই। নোটবুক দেখে সবার মাঝে এ ব্যাপারে একটি পজিটিভ বোধের জন্ম হবে বলে আমার বিশ্বাস।’ এ টেলিছবিতে পপি ছাড়াও আরো অভিনয় করেছেন, সুমনা সোমা, শাহাদাৎ, আবীর খান, মাহবুবা রেজানুর, সৈয়দ ইকবাল, প্যারিস, সুকর্ণ আহমেদ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন